এপ্রিলে তথ্যপ্রযুক্তিতে অনলাইনে চাকরির বিজ্ঞপ্তি কমেছে ৮১ শতাংশ : এডিবি

৩০ মে, ২০২০ ০৯:২৬  
করোনাভাইরাস সঙ্কটে ভার্চুয়াল অফিস কার্যক্রমের পালে হাওয়া লাগলেও কমেছে অনলাইনে চাকরির আবেদন। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসে তা কমেছে ৬৩ শতাংশ, এপ্রিলে কমেছে ১৯ শতাংশ। এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে নিয়োগ বিজ্ঞপ্তি কমেছে ৮১ শতাংশ। সব মিলিয়ে বাংলাদেশে জব পোর্টালগুলোতে এপ্রিল মাসে নিয়োগ বিজ্ঞপ্তির পরিমাণ গত বছরের একই মাসের তুলনায় ৮৭ শতাংশ কমেছে। এর আগের মাসে মার্চে কমেছে ৩৫ শতাংশ অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তি। কোভিড-১৯ ইমপ্যাক্ট অন জব পোস্টিংস: রিয়েল টাইম অ্যাসেসমেন্ট ইউজিং বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা অনলাইন জব পোর্টালস’ শীর্ষক প্রতিবেদনে শুক্রবার এই পরিসংখ্যান প্রকাশ করে ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বাংলাদেশের বৃহত্তম অনলাইন জব পোর্টাল বিডিজবস এবং শ্রীলঙ্কার টপজবসডটএলকে এর তথ্য-উপাত্ত ব্যবহার করে এই উপাত্ত উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, ২০১৯ সালে ৬০ হাজারের বেশি চাকরির বিজ্ঞপ্তি ছিল বিডিজবসে। প্রতিদিন পোর্টালটি ভিজিট করেন গড়ে দুই লাখ ভিজিটর। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর মার্চের তৃতীয় সপ্তাহ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কমতে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২০১৯ সালের চেয়ে ১ শতাংশ, মার্চে তা ৩৫ শতাংশ এবং এপ্রিলে ৮৭ শতাংশ বিজ্ঞপ্তি কমেছে। এদের মধ্যে এপ্রিল মাসে বস্ত্র খাতে ৯৫ শতাংশ উৎপাদন খাতে ৯২ শতাংশ, স্বাস্থ্য খাতে ৮২ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে ৮১ শতাংশ বিজ্ঞপ্তি কমেছে। ২০১৯ সালে তথ্য প্রযুক্তি খাতে মোট জব পোস্ট হয়েছিলো ৫ হাজার ৮০৪টি। অপরদিকে চলতি বছরের প্রথম সপ্তাহে ১.০১, দ্বিতীয় সপ্তাহে ০.৮৭, তৃতীয় সপ্তাহে ১.০৩ ও চতুর্থ সপ্তাহে ০.৯৭টি জব পোস্ট হয়। কিন্তু এপিল মাসে গিয়ে এই সংখ্যা দাঁড়ায় যথাক্রমে- ০.১২, ০.১২, ০.১৩ ও ০. ১৯টিতে। বছর ভিত্তিক তুলানায় এই খাতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ১ শতাংশ, ফেব্রুয়ারি থেকে মার্চে ৩৪ শতাংশ এবং মার্চ থেকে এপ্রিলে ৭৬ শতাংশ নিয়োগ বিজ্ঞপ্তি কমেছে।